স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত পৃথক স্বাস্থ্য বুলেটিনে জেলা জুড়ে ডেঙ্গু ও হাম রোগের সাম্প্রতিকতম পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে, হাম পরিস্থিতিতে নতুন কোনো রোগী কিংবা মৃত্যুর খবর মেলেনি।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা স্বাক্ষরিত ডেঙ্গু ও হাম সংক্রান্ত পৃথক দুটি দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। পরিসংখ্যানটি প্রস্তুত করেন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাক।
বিজ্ঞাপন
ডেঙ্গু পরিস্থিতির পরিসংখ্যান:
প্রকাশিত ডেঙ্গু রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৪ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি হন। তবে এ সময়ে নতুন করে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
প্রতিবেদনে আরও জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি হতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত যশোরে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭২৪ জনে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৫০ জন রোগী এবং ১ জানুয়ারি হতে এ পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু লিপিবদ্ধ হয়নি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়া এ পর্যন্ত মোট ৪ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য:
এদিকে, একই দিনে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম রোগীর দৈনিক প্রতিবেদন’ পর্যালোচনা করে দেখা যায়, বিগত ২৪ ঘণ্টায় যশোরে নতুন কোনো সন্দেহভাজন কিংবা নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি, মৃত্যু কিংবা ছাড়পত্রের সংখ্যাও শূন্য।
তবে বিগত ১৫ মার্চ ২০২৬ তারিখ হতে অদ্যাবধি উপাত্তে জানা গেছে, এ পর্যন্ত জেলায় সর্বমোট ৮৬৬ জন সন্দেহভাজন হাম রোগী পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এর মধ্যে ১১৭ জন নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬৪ জনের। আক্রান্তদের মধ্যে ৬৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং বর্তমানে ৯ জন হাম রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখন পর্যন্ত জেলায় হামে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ছবি সংগৃহীত।


