স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কোতোয়ালী থানাধীন তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় সাইকেল চুরির সময় হাতেনাতে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত বিচার প্রক্রিয়া শেষে তাকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৮ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের সময় তালবাড়ীয়া ক্যাম্পের অধীন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় তালবাড়ীয়া এলাকার একটি স্থান থেকে সাইকেল চুরির চেষ্টা করার সময় মো. আবু মুছা (৩২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেন তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. ইলিয়াস হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃত আসামি মো. আবু মুছা যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন তালবাড়ীয়া এলাকার মো. আফজাল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
অভিযান শেষে আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে আদালত মামলার নথিপত্র ও অভিযোগ পর্যালোচনা করে আসামি আবু মুছাকে ৩ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
