স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর মোহাম্মদিয়া ফুরকানিয়া হাফিজিয়া ও নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে হিফজ সমাপনী ২০২৬ উপলক্ষে চারজন হাফেজে কোরআনকে সুদৃশ্য পাগড়ী ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ওই মাদ্রাসার নিজস্ব মিলনায়তনে সফলভাবে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ নবীন হাফেজদের মাথায় পরম স্নেহে পাগড়ী পরিয়ে দেন এবং তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে পাগড়ী ও সম্মাননা ক্রেস্টপ্রাপ্ত চারজন হাফেজ হলেন—হাফেজ মোহাম্মদ আজমির হোসেন, হাফেজ মোহাম্মদ ইমাদুল হক, হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান সিয়াম এবং হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
উক্ত সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারকপুর মোহাম্মাদীয়া ফুরকানিয়া হাফিজীয়া ও নূরানী ক্যাডেট মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুশফিকুর রহমান, প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শাহাজান আলী, পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম এবং মোবারকপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম।
আলোচনা সভায় অতিথিরা বলেন, পবিত্র কোরআনের হাফেজ হওয়া পরম সৌভাগ্য ও অত্যন্ত মর্যাদার বিষয়। হাফেজরা কোরআনের অমিয় বাণী ও আলো সমাজে ছড়িয়ে দিয়ে একটি নৈতিক, চরিত্রবান ও আদর্শিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। একইসঙ্গে তাঁরা শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও পুরো মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুশফিকুর রহমান। এ সময় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় আলেম-ওলামা ও এলাকার গণমান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
