স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলায় সরকারের বহুল প্রত্যাশিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারে সরেজমিন গিয়ে তথ্য সংগ্রহ (ডাটা কালেকশন) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। একই সাথে একই দিনে ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও একযোগে ডাটা কালেকশন কাজ শুরু করা হয়।
প্রথম ধাপে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রাম, মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কায়েমকোলা গ্রাম এবং ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঝিকরগাছা কাটাখাল গ্রামে নিবিড় তথ্য সংগ্রহের কাজ চালানো হচ্ছে। উপজেলা সমাজসেবা দপ্তর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সকল পরিবারকে এ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে।
বিজ্ঞাপন
উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঝিকরগাছা সদর ইউনিয়নের সুপারভাইজার শাহানা হক ডিনা, গণনাকারী জেসমিন সুলতানা, রুবিনা খাতুনসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম যৌথভাবে জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের সঠিক, আধুনিক ও সম্পূর্ণ হালনাগাদ তথ্যভান্ডার বা ডাটাবেজ তৈরি করা হবে। এর ফলে ভবিষ্যতে সরকারি যেকোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুস্থ ভাতাসহ জনকল্যাণমূলক সামাজিক সেবা কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সাথে প্রকৃত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
চলমান ডাটা কালেকশন সফল করতে সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের সর্বস্তরের জনগণকে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন—জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিশুদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ, সক্রিয় মোবাইল নম্বরসহ যাবতীয় ব্যক্তিগত সঠিক তথ্য নিজ নিজ বাড়িতে গুছিয়ে রাখার এবং তথ্য সংগ্রহকারী গণনাকারীদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

