রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (কোটচাঁদপুর, ঝিনাইদহ):
ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি মাখনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটি কলেজের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের এক নতুন আশার আলোয় রূপ নিয়েছে। উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষা ও অবকাঠামোগত মানোন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
বিজ্ঞাপন
আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ আনন্দঘন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাৎপর্যপূর্ণ ঘোষণা প্রদান করেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একার পক্ষে সম্ভব নয়। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে সমাজের সামর্থ্যবান ও দায়িত্বশীল মানুষদেরও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
সম্মাননা গ্রহণ করে নতুন এডহক কমিটির সভাপতি মাখন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে আমি বদ্ধপরিকর। শিক্ষার্থীদের সুসংগঠিত ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের সহযোগিতা নিয়ে কলেজটিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য।”
ঝিনাইদহ-মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডাঃ কে এম বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে নতুন সভাপতিকে অভিবাদন জানান এবং অনুদান ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন। ছবি সংগৃহীত।

