রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (কোটচাঁদপুর, ঝিনাইদহ):
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করায় মো. শামীম হোসাইনকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর এ নতুন কর্মস্থলে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক আশাবাদ।
বিজ্ঞাপন
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রত্যাশা—নবাগত ইউএনও মো. শামীম হোসাইনের দক্ষ নেতৃত্বে কোটচাঁদপুরের প্রশাসনিক কার্যক্রমে নজিরবিহীন গতিশীলতা আসবে এবং সুশাসন ও জনসেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
এলাকাবাসী আশা প্রকাশ করে জানান, একজন জনবান্ধব ও দক্ষ কর্মকর্তা হিসেবে তিনি সরকারি বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখবেন। একই সাথে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন এবং সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে তিনি কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবেন।
এক প্রতিক্রিয়ায় নবাগত ইউএনও মো. শামীম হোসাইন বলেন, “কোটচাঁদপুরের সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা নিয়ে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই। সরকারি সেবা গ্রহণ সহজীকরণ এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার প্রথম ও প্রধান লক্ষ্য।”
উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
এদিকে কোটচাঁদপুরে নবাগত এ ইউএনওর আগমনকে স্বাগত জানিয়ে তাঁর শুভ কর্মযাত্রা, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন এলাকার নানা স্তরের মানুষ। ছবি সংগৃহীত।

