হাফিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত লগি-বৈঠার নৃশংস রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ এবং শহীদদের স্মরণে যশোরের কেশবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সদস্য আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাইদুর রহমান সাঈদ এবং পৌর জামায়াতের আমীর জাকির হোসেন।
বিজ্ঞাপন
এছাড়াও অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, যুবশিবির, ইসলামী ছাত্রশিবিরসহ দলটির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসরদের চালানো বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, সেদিনের সেই নির্মমতা বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসের পাতায় একটি অত্যন্ত কলঙ্কজনক ও কালিমালিপ্ত অধ্যায় হয়ে রয়েছে। দীর্ঘ বছর ধরে বিচারহীনতার সংস্কৃতির কারণে স্বজনহারা পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী বর্তমান সময়ে দাঁড়িয়ে পল্টন ট্র্যাজেডিসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
আলোচনা সভা শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ছবি সংগৃহীত।

