স্ফুলিঙ্গ রিপোর্ট :
‘বৃক্ষরোপণ সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং কমিউনিটি ভিত্তিক বনায়ন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঝিকরগাছায় প্রচারণা ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
২৪ আগস্ট ২০২৬ সোমবার সকালে উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে বদরুদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলের প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ প্রচারণা ও চারা বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উলাসী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটর বরেন্দ্র নাথ শীল।
বিজ্ঞাপন
ঝিকরগাছা উপজেলা যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহরুহা আকবর শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পরিবেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং ঝিকরগাছা বিএম হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আশফাকুজ্জামান রনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক, ঝিকরগাছা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান উদ্দিন এবং ঝিকরগাছা উপজেলা যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে স্থানীয় ১০টি স্কুল ও মাদ্রাসার পরিবেশ উন্নয়নে আম, কাঁঠাল, কদবেল, মেহগনি ও আমলকিসহ প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫টি করে গাছের চারা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা। ছবি সংগৃহীত।


