স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা উপজেলায় অপরাধের সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া, সীমান্ত রুট ব্যবহার করে মাদকের চালান আটক, চোরাচালান প্রতিরোধ এবং কঠোর হাতে আইনশৃঙ্খলা বজায় রাখার অসামান্য ও নিরলস অবদানের স্বীকৃতিস্বরূপ যশোর জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছেন চৌগাছা থানার ওসি মো. মামুনুর রশিদ (পিপিএম)।
বিজ্ঞাপন
২৪ আগস্ট ২০২৬ সোমবার যশোর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত জুলাই ২০২৬ মাসের বিশেষ ক্রাইম কনফারেন্সে তাঁর হাতে এই সম্মাননা ও শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেন যশোরের সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
বিজ্ঞাপন
চৌগাছা থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই অত্যন্ত সততা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন ওসি মামুনুর রশিদ পিপিএম। বলা চলে, থানার সীমানায় মাদক কারবারি, সন্ত্রাসী ও চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে তিনি সরাসরি এক অলিখিত যুদ্ধ ঘোষণা করেছেন। তাঁর নির্দেশে পরিচালিত ধারাবাহিক ও শ্বাসরুদ্ধকর অভিযানে একের পর এক চিহ্নিত অপরাধী গ্রেপ্তার হয়ে আইনের আওতায় এসেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অভাবনীয় উন্নতি ঘটিয়ে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে এক সুদৃঢ় আস্থা ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে এনেছেন এই চৌকস পুলিশ কর্মকর্তা।
পুরস্কার প্রাপ্তির পর এক ভাবাবেগপূর্ণ প্রতিক্রিয়ায় চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ পিপিএম বলেন, “সততা, সাহসিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি চৌগাছার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের অকৃত্রিম সহযোগিতা এবং ভালোবাসার কারণেই এই পরম অর্জন সম্ভব হয়েছে। এই সম্মাননা কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরও বহুগুণ বাড়িয়ে দিল। চৌগাছাকে সম্পূর্ণরূপে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত না করা পর্যন্ত আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে।”
এদিকে জেলা পর্যায়ে চৌগাছা থানার এই গৌরবোজ্জ্বল সাফল্যে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ওসি মামুনুর রশিদ পিপিএম-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ছবি সংগৃহীত।


