স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় সরকারি মূল্যের ইউরিয়া ও ডিএপি সার অবৈধভাবে অন্যত্র পাচার ও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় ১৫ বস্তা সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় জড়িত ভ্যানচালক ও সংশ্লিষ্ট সার ডিলারের ম্যানেজারকে নগদ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযুক্ত ডিলারশিপ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টা ১০ মিনিটের দিকে চৌগাছা পৌরসভার চৌগাছা-ঝিকরগাছা আঞ্চলিক সড়কের হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার সার ডিলার ‘মেসার্স শয়ন ট্রেডার্স’ থেকে ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার অবৈধভাবে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় সচেতন বাসিন্দারা ভ্যানটি হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এ সময় সার পাচারের মূল পরিকল্পনাকারী বকুল ইসলাম (৩৮) কৌশলে পালিয়ে যান।
সংবাদ পেয়ে চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় অবৈধভাবে সার পরিবহনের দায়ে ভ্যানচালক মো. আমির হোসেনকে (৪০) ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
একই সাথে সরকারি সার অন্যত্র পাচার ও অবৈধ বিপণনের অপরাধে মেসার্স শয়ন ট্রেডার্সের ম্যানেজার পলাশকে (৪৩) ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স শয়ন ট্রেডার্স’-এর প্রাতিষ্ঠানিক লাইসেন্স বাতিলের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন আদালত।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, উদ্ধারকৃত ও জব্দ করা ১৫ বস্তা সার স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক বিক্রি করে প্রাপ্ত পুরো অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। কৃষকদের সার সংকট তৈরি করে অসুপায় অবলম্বনের বিরুদ্ধে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

