স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর পর এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন প্রেমিকা মিথিলা (১৭)। ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। এতে করে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে।
নিহত মিথিলা চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে ঘটনার দিন বিকেলে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে তাঁর প্রেমিক অয়নকে (২২) মৃত ঘোষণা করেছিলেন কর্তব্যরত চিকিৎসক। নিহত অয়নের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আদমপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে অয়ন ও মিথিলা একটি নম্বরপ্লেটবিহীন ১৫০ সিসির মোটরসাইকেলযোগে চৌগাছা থেকে আড়াদাহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাঁদের মোটরসাইকেলটিতে সজোড়ে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মিথিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। পরবর্তীতে ঢাকা নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি না থেমে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ ভ্যানটি শনাক্তকরণ ও চালককে আকট করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহত দুজনের পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছবি সংগৃহীত।

