চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ
যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে চাপা পড়ে নূর ইসলাম (৫০) নামের এক আলমসাধুচালক ও গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামের খলসি বাজারসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নূর ইসলাম জেলার ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের মৃত হারেজ আলী মন্ডলের ছেলে। পেশায় তিনি একজন আলমসাধুচালক ও ব্যবসায়ী ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের আলমসাধুতে পাঁচটি গরু বোঝায় করে ঝিকরগাছা থেকে চৌগাছা পশুহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নূর ইসলাম। পথিমধ্যে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামের খলসি বাজার থেকে দক্ষিণ দিকে ৪০০ গজ দূরে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় আলমসাধুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে দুর্ঘটনাকবলিত আলমসাধু ও গরুগুলো উদ্ধার করেন। এ সময় কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দশপাখিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে নিহতের মরদেহ ঘটনাস্থলে রয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

