স্ফুলিঙ্গ রিপোর্ট :
বাংলাদেশ সরকার কর্তৃক পরিবেশ ও দেশীয় প্রজাতির জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষিত প্রায় ৭ টন (৭ হাজার কেজি) আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আইনি বিধিনিষেধ অমান্য করে এই ক্ষতিকর মাছ চাষের অপরাধে শফিকুল ইসলাম নামের এক মৎস্যচাষিকে ২০ হাজার টাকা ক্যাশ জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া সবজিবাগান এলাকায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আভিযানিক দল এ কঠোর পদক্ষেপ গ্রহণ করে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার যাজাজিয়া।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, চাঁচড়া এলাকায় আইন অমান্য করে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষের গোপন তথ্য পায় মৎস্য দপ্তর। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ সাঁড়াশি অভিযান চালানো হয়। পরবর্তীতে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর ৪ ধারার ব্যত্যয় ঘটায় আদালতের মাধ্যমে ঘের মালিক শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আওতায় আনা হয়।
বিজ্ঞাপন
আদালতের নির্দেশে ঘের থেকে উদ্ধার করা বিশাল পরিমাণের এই নিষিদ্ধ মাগুর মাছগুলো ধ্বংস না করে তাৎক্ষণিকভাবে এলাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং অভাবগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
উক্ত বাজার তদারকি ও নির্বাহী অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনসহ জেলা মৎস্য দপ্তর এবং যশোর জেলা পুলিশের দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

