স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্ত এলাকায় পৃথক ও জোরালো অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি মালামালসহ এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনে বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি চৌকস টহলদল মাদক ও চোরাচালান বিরোধী এই সমন্বিত অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবি সদস্যরা ১ জন আসামীসহ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২ বোতল স্কাফ (ESCUF) সিরাপ, ৪৮ বোতল উইনসেরেক্স (WINCEREX) সিরাপ, ২০০ পিস নিষিদ্ধ যৌন উত্তেজক ভিগোরা (VIGORE) ট্যাবলেট উদ্ধার করেন। এছাড়া সীমান্ত পেরিয়ে আনা ভারতীয় অবৈধ পণ্যের মধ্যে ৭৫টি শাড়ি, ১১টি থ্রি-পিস, ২টি কম্বল, ১ কেজি জিরা এবং ২৫২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
বিজ্ঞাপন
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য মোট ২০ লাখ ৬০ হাজার ৪০০ (বিশ লক্ষ ষাট হাজার চারশত) টাকা।
আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি মালামালসহ তাঁকে স্থানীয় থানায় হস্তান্তরের কার্যক্রম বজায় রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে বিজিবি’র এই ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

