খুলনা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।
গত ২০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার রাতে তিনি খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার একাধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত নগরীর ঐতিহ্যবাহী আর্য্য ধর্মসভা মন্দির, শিববাড়ী শ্রী শ্রী কালিমন্দির, বাগামারা তেঁতুলতলা সর্বজনীন পূজামন্দির এবং সাহেবের কবরখানা পূজামণ্ডপসহ বিভিন্ন এলাকার অন্যান্য পূজামণ্ডপে যান। এ সময় তিনি মন্দির প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা, প্রবেশ ও প্রস্থান পথ এবং মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। তিনি সরকারের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর, আনন্দদায়ক ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।ছবি সংগৃহীত।
