রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক দুটি বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত এক আওয়ামী লীগ নেতা এবং ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার তাঁদের সকলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আমিরুল ইসলাম দুঃখু (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং জালালপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা একটি মামলার (নম্বর ১৬, জিআর নম্বর ১১১৮/২৬) তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
অপরদিকে, এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে কোটচাঁদপুর পৌর শহরের গাবতলাপাড়ায় জনৈক তৈয়ব আলীর বাড়ির সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে পৌর পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে মো. শাওন (২৪) ও সাজু আহমেদ (৩৫) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত শাওন কোটচাঁদপুরের গাবতলাপাড়ার আব্দুল খালেকের ছেলে এবং সাজু আহমেদ একই উপজেলার হাসপাতালপাড়ার মৃত বাবর আলীর ছেলে। এ ঘটনায় ১৫ অক্টোবর কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) উপধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, পৃথক অভিযানে আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তীতে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
