নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর পৌর যুবলীগের সদস্য মোস্তফা মালিতা (৪০)। তিনি পৌর এলাকার সলেমানপুর তেঁতুলতলা পাড়ার মৃত সিদ্দিক মালিতার ছেলে। গ্রেফতারকৃত অপরজন হলেন মজিদুল মোল্লা ওরফে দুখে (৪৫)। তিনি উপজেলার কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং হরিণদিয়া স্কুলপাড়ার মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে।
কোটচাঁদপুর মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে তাঁদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
বিজ্ঞাপন
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কোটচাঁদপুর থানার গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১৬ নম্বর মামলা (জিআর নম্বর ১১৮/২৬)-তে তাঁদের গ্রেফতার দেখানো হয়েছে। উক্ত মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

