ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এক বিশেষ বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পাগলাকানাই বাজারের বিভিন্ন এলপিজি গ্যাসের দোকান, মিষ্টির দোকান এবং মুদি দোকানসমূহে নিবিড় তদারকি করা হয়। এ সময় দৃশ্যমান স্থানে হালনাগাদ পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ (দুই) টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক মোট ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা আরোপ ও নগদ আদায় করা হয়।
বিজ্ঞাপন
একই সাথে অভিযুক্ত এবং অন্যান্য সকল ব্যবসাপ্রতিষ্ঠানকে দৃশ্যমান স্থানে সঠিক মূল্য তালিকা প্রদর্শন ও কেনাবেচার পাকা ভাউচার সংরক্ষণের জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত আভিযানিক টিমে সহকারী পরিচালক নিশাত মেহেরকে সার্বিক সহায়তা করেন ঝিনাইদহ সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ বুলবুল আহমেদ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস টিম।
ভোক্তাদের স্বার্থরক্ষা, বাজারে নৈরাজ্য প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলাজুড়ে এ ধরনের মনিটরিং ও তদারকি অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন অধিদপ্তর কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

