স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঐতিহ্যবাহী ‘উপশহর বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউট’-এর নবনির্বাচিত এডহক কমিটির নয়া সভাপতি, যশোর জেলা জজ কোর্টের বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট কাজী সেলিম রেজা (ময়না)-সহ অন্যান্য সদস্যদের গ্রহণ করতে স্কুল প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতিসহ সদস্যদের সুদৃশ্য ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে ৬ মাসের জন্য এই ৪ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়। কমিটিতে যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হয়ে সভাপতির গুরুদায়িত্ব লাভ করেন উপশহর পেশাজীবী ফোরামের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট কাজী সেলিম রেজা ময়না। এছাড়া সদস্য সচিব হিসেবে বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জনাব মো. রবিউল ইসলাম, সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে জনাব মো. সেকেন্দার আলী এবং অভিভাবক সদস্য হিসেবে জনাব আফতাব আহমেদ অন্তর্ভুক্ত রয়েছেন। পরিচিতি সভায় কমিটির সকল সদস্য এবং বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
পরিচিতি সভায় বক্তারা আবেগঘন বক্তব্যে বলেন, “দীর্ঘদিন পর এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি একজন যোগ্য ও সঠিক অভিভাবক খুঁজে পেয়েছে। এতদিন যোগ্য নেতৃত্বের অভাবে স্কুলের কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হচ্ছিল এবং পূর্বের কমিটিগুলো প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে উল্লেখযোগ কোনো ভূমিকা রাখতে পারেনি। তবে যশোরের স্বনামধন্য আইনজীবী, জনবান্ধব ও সদালাপী ব্যক্তিত্ব অ্যাডভোকেট সেলিম রেজা ময়না সভাপতির আসন অলঙ্কৃত করায় প্রতিষ্ঠানের স্থবিরতা কেটে যাবে।”
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর মতো সমাজসেবী ও দূরদর্শী নেতার নেতৃত্বে স্কুলের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা আনয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
আইন পেশার পাশাপাশি অ্যাডভোকেট ময়না দীর্ঘদিন ধরে এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা ও নানা সামাজিক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর এই যোগ্য নেতৃত্বের কারণে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি পুরো উপশহরজুড়ে আনন্দের জোয়ার বইছে। শিক্ষক সমাজ উচ্ছ্বাস প্রকাশ করে জানান, অ্যাডভোকেট ময়নার বলিষ্ঠ দিকনির্দেশনায় এবার সত্যিই স্কুলের চিত্র বদলে যাবে। ছবি সংগৃহীত।
