স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
অধ্যয়ন সফরের অংশ হিসেবে যশোরে এসেছেন ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ। আজ শুক্রবার (২৭ নভেম্বর) তাঁদের আগমন উপলক্ষে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সফরের শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম শিক্ষানবিশ কর্মকর্তাদের সামনে যশোর জেলা ও জেলা পুলিশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি যশোর জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, জেলা বিশেষ শাখা (ডিএসবি), গোয়েন্দা শাখা (ডিবি), থানা, ফাঁড়ি ও ক্যাম্পগুলোর কর্মকাণ্ড, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা বাড়াতে এই স্টাডি ট্যুর থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্যও তাঁদের অনুপ্রাণিত করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাখাওয়াত হোসেন, বিভিন্ন সার্কেলের পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ। ছবি সংগৃহীত।

