স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৭ নভেম্বর ২০২৬
যশোর শহরের রেলরোড এলাকার একটি মোটরসাইকেল শোরুমের সার্ভিস সেন্টারের পেছন থেকে কালো টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সোনালী ব্যাংকের বিপরীতে অবস্থিত নিউ যশোর ট্রেডিং সুজুকি শোরুমের পেছনের ফাঁকা জায়গা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, দুই তরুণ শোরুমের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে সন্দেহজনক একটি বস্তু রেখে দ্রুত সেখান থেকে সরে যান। তাঁদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাঁদের ধাওয়া করেন, কিন্তু তাঁরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে সেখানে কালো টেপে জড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিয়ে যান।
তবে উদ্ধার হওয়া বস্তুটি আসলেই ককটেল কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। কারা কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গিয়েছিল, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।

