স্ফুলিঙ্গ ডেক্স :
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
আগামী বছরের শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিনেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্য সামনে রেখে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২০২৭ শিক্ষাবর্ষে মানসম্মত বই সময়মতো নিশ্চিত করতে এবার শিক্ষাবর্ষ শুরুর আগেই ছাপা, বাঁধাই ও মাঠপর্যায়ে পাঠানোর কাজ গুছিয়ে আনা হচ্ছে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা সম্প্রতি এক সাক্ষাৎকারে বই মুদ্রণ, সরবরাহের অগ্রগতি ও বিতরণের সময়সূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
বিজ্ঞাপন
মুদ্রণ ও সরবরাহের অগ্রগতি:
এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরে মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানোর কাজ চলছে। এর মধ্যে প্রাক-প্রথমিকের বই ছাপা ও বিতরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিকের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিকের ৯২ শতাংশের বেশি বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, প্রাক-প্রথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রাথমিকের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষ হয়েছে।
এছাড়া গত ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ সরবরাহের কাজ শেষ হয়েছে। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বইও মুদ্রণ করা হচ্ছে।
চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলায় পৌঁছে যাবে। আর নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার কাজ চলছে।
বিতরণের সময়সূচি ও ব্যয় সাশ্রয়:
বই বিতরণ প্রক্রিয়া প্রসঙ্গে প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, আগে পহেলা জানুয়ারির বই উৎসবকে ঘিরে বড় অঙ্কের অর্থ ব্যয় হতো। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রয়োজনীয় খরচ কমানোর নীতি গ্রহণ করেছেন। সে কারণে এবার জাঁকজমকপূর্ণ উৎসবের বদলে কেবল বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টি ভাবা হচ্ছে এবং বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনেই স্কুলে স্কুলে সব বই দেওয়ার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। এ প্রেক্ষাপটে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একটি দিন বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এলে নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হবে। এনসিটিবির প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিগত সময়ে বইয়ের রেপ্লিকা দেখিয়ে উদ্বোধন করা হলেও বাকি বই পেতে শিক্ষার্থীদের মার্চ বা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতো—এমন প্রবণতা এবার থাকছে না বলে আশ্বস্ত করেন চেয়ারম্যান। তাঁর ভাষায়, পুরো প্রস্তুতি ও সরবরাহ নিশ্চিত করেই এবার বিতরণ শুরু হবে।
মানোন্নয়ন ও নতুন সংযোজন:
বইয়ের মান নিয়ে তিনি জানান, কাগজের গুণগত মান, ছাপা, বাঁধাই, চোখে আলো কম লাগা এবং সহজে না ছেঁড়ার মতো বিষয়গুলো যাচাই করে বই তৈরি করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় অনেক ভালো হবে। দ্রুত সময়ে কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
এনসিটিবি প্রধান জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি নিয়ে নতুন বই যুক্ত করা হয়েছে, যাতে শিশুরা মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরে আসতে পারে এবং বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ পায়। ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে কারিগরি শিক্ষার বইও বাড়ানো হবে।
পাশাপাশি ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা তৈরিতে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম খতিয়ে দেখা হচ্ছে এবং শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলে জানান তিনি। (সূত্র: বাসস) ফাইল ছবি সংগৃহীত।
