স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
যশোর শহরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মিষ্টির প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পৃথক সময়ে শহরের পালবাড়ি মোড় ও নিউমার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সোমবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিম বিনতে মুস্তাফিজের নেতৃত্বে পালবাড়ি মোড় এলাকার ‘শাহ সুইটস’-এ অভিযান চালানো হয়। মিষ্টির মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ না করা এবং ওজন ও পরিমাপে নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক মো. সাব্বির আহমেদ। এ সময় মিষ্টির উৎপাদন ও মেয়াদের তারিখ এবং ওজনের সঠিক পরিমাণ যথাযথভাবে প্রদর্শন ও উল্লেখ করার জন্য প্রতিষ্ঠানটির কতৃপক্ষকে কঠোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য এর স্বত্বাধিকারীকে সতর্ক করা হয়।
অন্যদিকে, সোমবার দুপুরে নিউমার্কেট এলাকার ‘অর্পণ ঘোষ ডেইরি’-তে ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআইয়ের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদিত বৈধ লাইসেন্স ছাড়াই মিষ্টি ও ডেইরি পণ্য বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি বিএসটিআইয়ের পরিদর্শক রাকিব ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের ভেজালবিরোধী ও তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।
