স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৬ নভেম্বর ২০২৬
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও বহুমুখী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেলে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে এই বর্ণাঢ্য ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বেনাপোল ছোটআঁচড়া মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে বেনাপোলের রাজপথ মুখরিত হয়ে ওঠে।
শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে এবং বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম এবং শার্শা উপজেলা জামায়াতের নায়েবি আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমীর রেজাউল ইসলাম এবং শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলমসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত স্বৈরাচারী সরকার ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায়। কিন্তু তারপর থেকেই তারা সুপরিকল্পিতভাবে বাংলাদেশে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই দেশবিরোধী সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বর্তমান সরকারের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ আরও বলেন, “আপনারা অবিলম্বে স্বৈরাচার হাসিনার দোসরদের সব ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপতৎপরতা কঠোর হাতে প্রতিহত করুন। যদি দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হন, তবে জনগণের দাবির মুখে সরকারের পদ থেকে পদত্যাগ করুন। অন্যথায় দেশবাসী মনে করবে, আপনারাও এই স্বৈরাচারদের সাথে কোনো গোপন আঁতাত করে দেশ পরিচালনার নামে প্রহসন চালিয়ে যাচ্ছেন।”
বক্তারা অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ এবং পলাতক স্বৈরাচারের সব ষড়যন্ত্র চিরতরে নির্মূল করার জোর দাবি জানান। তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বেঁচে থাকতে এই দেশকে পুনরায় কোনো ফ্যাসিস্ট শক্তি বা স্বৈরাচার হাসিনার কোনো চক্রান্তের শিকার হতে দেওয়া হবে না। ছবি সংগৃহীত।
