ঐতিহ্যের যাত্রায় আধুনিকতার ছোঁয়া যশোর আইনজীবী সমিতিতে : চালু হলো অনলাইন অটোমেশন

ঐতিহ্যের যাত্রায় আধুনিকতার ছোঁয়া যশোর আইনজীবী সমিতিতে : চালু হলো অনলাইন অটোমেশন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

১৭৮৪ সালে প্রতিষ্ঠিত প্রায় আড়াই শতাব্দীর প্রাচীন ও ঐতিহ্যবাহী যশোর জেলা আইনজীবী সমিতি এবার দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রমে পুরোপুরি ডিজিটাল রূপান্তর ঘটিয়েছে। প্রচলিত ফাইলপত্র ও সনাতন হিসাব ব্যবস্থার দিন শেষ করে সমিতির যাবতীয় সেবা, আর্থিক লেনদেন এবং ঐতিহাসিক নথি সংরক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে একটি সমন্বিত অনলাইন অটোমেশন সফটওয়্যার, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ।

আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল ওকালতনামা বিক্রির মাধ্যমে এই যুগান্তকারী কার্যক্রমের শুভসূচনা করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক এম এ গফুর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে সমিতির পক্ষ থেকে আইনজীবী কাজী ফরিদুল ইসলাম প্রথম ডিজিটাল ওকালতনামা সংগ্রহ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ও অনলাইন কার্যক্রম কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাসসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ আইনজীবীরা। সফটওয়্যারটি তৈরি করেছে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘উৎসব টেকনোলজি লিমিটেড’।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে এখন থেকে আইনজীবীরা ওকালতনামা প্রস্তুত, ফরম সংগ্রহ ও প্রিন্ট করা ছাড়াও বার্ষিক চাঁদা, রুমের ভাড়াসহ বিভিন্ন ফি অনলাইনেই পরিশোধ করতে পারবেন। এর মাধ্যমে দীর্ঘদিনের দাপ্তরিক জটিলতা ও সময় অপচয়ের অবসান ঘটবে। একই সঙ্গে প্রতিটি আর্থিক লেনদেন সুরক্ষিত ও ডিজিটালভাবে সংরক্ষিত থাকায় সমিতির তহবিলে আসবে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা। নগদ অর্থের লেনদেন কমিয়ে সম্পূর্ণ ক্যাশলেস বা ডিজিটাল লেনদেনমুখী হওয়ার পরিকল্পনা রয়েছে সমিতির।

শুধু দৈনন্দিন কাজই নয়, ২৪২ বছরের পুরোনো এই আইনজীবী সমিতির বর্ণাঢ্য ইতিহাস এবং প্রাচীন গ্রন্থাগারের দুর্লভ গ্রন্থগুলো ডিজিটাল আর্কাইভে সংরক্ষণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই তথ্যভান্ডারে যুক্ত করা হচ্ছে ব্রিটিশ আমল থেকে শুরু করে অদ্যাবধি যশোরের আইনাঙ্গনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব—যেমন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, বিচারপতি লতিফুর রহমান, শহীদ মসিয়ুর রহমান, সুশীল কুমার রায়, সৈয়দ আমীর আলী, আব্দুর রশিদ খান, হাবিবুর রহমান, রওশন আলী, শেখ হাসান ইমাম, কাজী তৌহিদুর রহমান, আব্দুল হক, নূর ইসলাম, কাজী আব্দুস শহীদ লাল এবং এ কে মনজুরুল হকের মতো বরেণ্য আইনজীবীদের জীবনী ও অমূল্য অবদান।

সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “আমাদের লক্ষ্য কেবল দাপ্তরিক কাজ দ্রুত করা নয়, বরং আর্থিক কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা। পাশাপাশি আমাদের গৌরবময় ইতিহাস ও বরেণ্য ব্যক্তিদের স্মৃতি ডিজিটাল উপায়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা একটি ঐতিহাসিক পদক্ষেপ।” তাঁর মতে, এই উদ্যোগ দেশের অন্য আইনজীবী সমিতির জন্যও একটি অনুকরণীয় মডেল হয়ে থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিকে দু-দফা হত্যার হুমকি

যশোরে পৃথক দুই মাদক মামলায় তিনজনের ১০ ও ১২ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে নাশকতার অভিযোগে আরও ৪ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ

যশোরে জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পালবাড়ির ‘শাহ সুইটস’ ও নিউমার্কেটের ‘অর্পণ ঘোষ ডেইরি’তে অভিযান : দুই মিষ্টির দোকানকে ২৫ হাজার টাকা জ...

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে যশোর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষা

বিএনপির প্যানেলের প্রচারণায় সাবেক আওয়ামী লীগপন্থী পিপি এম ইদ্রিস আলী

উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না : যশোরিই জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

আরবপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক : ১০৭০ পিস ইয়াবা উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *