স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ১৩ নভেম্বর ২০২৬
যশোরের বাঘারপাড়া উপজেলায় গভীর রাতে বসতবাড়িতে সশস্ত্র হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুটের চাঞ্চল্যকর মামলায় দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে পরোয়ানা জারির পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় উল্টো তাদের অব্যাহত হুমকি-ধমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী মরিয়ম বেগম ও তাঁর পরিবারের সদস্যরা।
মামলার বিবরণী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট গভীর রাতে (রাত ২টার দিকে) বাঘারপাড়া উপজেলার তৈলকূপ গ্রামে ভুক্তভোগী মরিয়ম বেগমের বসতবাড়িতে জোরপূর্বক প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এ সময় তারা মরিয়ম বেগম ও তাঁর পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা, প্রায় ২ ভরি ১১ আনা স্বর্ণালংকার, মোবাইল ফোন, টর্চলাইট এবং দোকানের মালামালসহ সর্বমোট ৭ লাখ ৪২ হাজার ২০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভুক্তভোগী মরিয়ম বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলাটির গুরুত্ব বিবেচনা করে আদালত তদন্তের দায়িত্ব দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলা দাস নিবিড় তদন্ত শেষে গত ১৭ অক্টোবর অভিযুক্ত দুই ব্যক্তি—নাজমুল ইসলাম ও আকাশ মোল্লার বিরুদ্ধে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উভয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রতিবেদন গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে বাদীর অভিযোগ, মামলা দায়ের করার পর থেকেই আসামিরা ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আইনি সহায়তার পর আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। ফলে আসামিদের অব্যাহত হুমকিতে জীবন বাঁচাতে বাধ্য হয়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে কার্যকর করে অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের উর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় নারী মরিয়ম বেগম।ফাইল ছবি সংগৃহীত।
