শহিদ জয় :
তারিখ: ১২ নভেম্বর ২০২৬
যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সীমানা দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাত ৮টা ১৫ মিনিট থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত অতর্কিত এই হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। হঠাৎ এই বিস্ফোরণের শব্দে পুরো আদালতপাড়া ও আশপাশের এলাকায় মুহূর্তের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের পর চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানে স্থানীয় লোকজন ও পথচারীদের ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
বিজ্ঞাপন
এ সময় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে শান্ত যশোর শহরকে অস্থিতিশীল ও অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর আগে শহরের জুলাই স্মৃতির স্তম্ভেও অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছিল। আদালতের মতো অতি গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত এলাকায় এ ধরনের ককটেল বিস্ফোরণ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। তাঁরা সিসিটিভি ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রেস ক্লাব যশোরের সামনের সহকারী জজ আদালতের দেওয়ালে দুটি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। বর্তমানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, আদালতের দেয়ালে ককটেল হামলার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাতেই জেলা ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানায়। ছবি সংগৃহীত।

