স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
যশোর জেলাজুড়ে ডেঙ্গু ও হামের সংক্রামণ অব্যাহত রয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ হেলথ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে জেলায় হামের উপসর্গ নিয়ে বেশ কয়েকজন নতুন রোগী ভর্তি ও ছাড়পত্র পেয়েছেন বলে জানা গেছে।
ডেঙ্গু পরিস্থিতির চিত্র:
বিজ্ঞাপন
যশোর জেলা সিভিল সার্জন কার্যালয়ের ৯ নভেম্বর ২০২৬ তারিখের সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, বাঘারপাড়ায় ৪ জন, কেশবপুরে ৬ জন, মণিরামপুরে ২ জন, শার্শায় ২ জন, ঝিকরগাছায় ১ জন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন। চৌগাছায় গত ২৪ ঘণ্টায় কোনো নতুন রোগী ভর্তি হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি হতে ৯ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৯৯ জনে। এর মধ্যে ২,৩৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত রয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হাম পরিস্থিতির চিত্র:
এদিকে পৃথক প্রতিবেদনে জানা গেছে, গত ১৫ মার্চ ২০২৬ হতে অদ্যাবধি জেলায় মোট ১,০১৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে যশোরের বিভিন্ন হাসপাতালে ২৯ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর ও ২৫০ বেড এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন, কেশবপুরে ৩ জন এবং মণিরামপুরে ৩ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ৬ জন হামের সন্দেহজনক ভর্তি এবং ৫ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত জেলায় হামে নিশ্চিত আক্রান্ত ১৬৩ জন শনাক্ত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু ও হাম দমনে জেলাজুড়ে সচেতনতামূলক কর্মকাণ্ড জোরদার করা হয়েছে এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকরা সার্বক্ষণিক নজরদারি রাখছেন। ফাইল ছবি সংগৃহীত।
