স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একটি শ্যামাপূজা মণ্ডপে সংঘটিত অগ্নিকাণ্ডের পুরোনো ও ভিন্ন দেশের ছবিকে যশোরের কালীবাজারের ঘটনা বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে নিবিড় অনুসন্ধান ও প্রযুক্তিগত যাচাই-বাছাই শেষে যশোর জেলা পুলিশ নিশ্চিত করেছে যে, আলোচিত ভাইরাল ছবিটি মূলত ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজার এলাকার।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) জেলা পুলিশের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত এক গুরুত্বপূর্ণ বার্তায় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
পুলিশের তদন্ত ও অনুসন্ধানে জানা যায়, মূল ঘটনাটি ঘটেছিল কালীপূজার ঠিক আগের দিন, মণ্ডপটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই। সেখানে মণ্ডপে বৈদ্যুতিক তারের কাজ চলার সময় হঠাৎ শর্টসার্কিট থেকে সাজসজ্জার কাপড়ে আগুন ধরে যায়। স্থানীয়দের তৎপরতা এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুহূর্তের মধ্যে সম্পূর্ণ মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গিদের আগুন দেওয়ার অভিনব ও কাল্পনিক দাবি প্রচার করছে। তবে জেলা পুলিশ দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছে যে, এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আলোচিত ছবির ব্যানারে থাকা ‘JASORA KALIBAZAR’ লেখার ইংরেজি বানান এবং মণ্ডপের কাঠামোগত নকশার সঙ্গে যশোরের কালীবাজারের বাস্তব পরিস্থিতির বিন্দুমাত্র কোনো মিল নেই। ফলস্বরূপ, ভিন্ন দেশের একটি সাধারণ দুর্ঘটনাকে যশোরের ঘটনা হিসেবে সামাজিক মাধ্যমে প্রচার করাটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং এটি একটি সুদূরপ্রসারী সাম্প্রদায়িক উসকানিমূলক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
এ ধরনের সামাজিক বিভেদ সৃষ্টিকারী গুজবে কান না দেওয়ার এবং যেকোনো তথ্য যাচাই না করে অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। ছবি সংগৃহীত।
