স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৩ নভেম্বর ২০২৬
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, চাদর ও প্রসাধনসামগ্রী (কসমেটিকস) উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা।
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে চোরাই পণ্যের বড় একটি চালান প্রবেশের গোপন সংবাদ পান বিজিবি সদস্যরা। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির টহলদল সংশ্লিষ্ট এলাকায় অবস্থান নিয়ে কঠোর তল্লাশি শুরু করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০টি ভারতীয় উন্নতমানের শাড়ী, ১১৪টি কম্বল, ৩৪টি চাদর, ৩ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস এবং ১ হাজার ৩৫৮টি বিভিন্ন প্রকার প্রসাধনসামগ্রী (কসমেটিক্স) জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।
