স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার রাতেই অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালীপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান ওই গ্রামের আসিরুদ্দিনের ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আশিকুর রহমান এবং তার চাচাতো ভাই ফজলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাত ১২টার দিকে ফজলুর রহমান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আশিকুরের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং লোহার শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে আটক করে। ঘটনার সময় ঘাতক ফজলুর রহমান আহত হওয়ায় সে বর্তমানে পুলিশ পাহারায় যশোর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
