মাগুরা প্রতিনিধি:
মাগুরার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় যথাযথ স্যানিটারি ও বিএসটিআই লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ‘সুরুচি আইসক্রিম ফ্যাক্টরি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখতে পান যে, পারনান্দুয়ালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থিত সুরুচি আইসক্রিম ফ্যাক্টরি কর্তৃপক্ষ কোনো প্রকার বৈধ স্যানিটারি ছাড়পত্র এবং বিএসটিআইয়ের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে আইসক্রিম উৎপাদন করে তা স্থানীয় বাজারে সরবরাহ ও বাজারজাত করে আসছে। শিশুসহ সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করায় তাৎক্ষণিকভাবে ওই কারখানার মালিকপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য বিপন্নকারী এ ধরনের অবৈধ কারখানা ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের তদারকি এবং অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

