স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার হোসেনের ওপর আরোপিত বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ স্বপদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় আবেদনের প্রেক্ষিতে পর্যালোচনান্তে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ এই বহাল আদেশ কার্যকর করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এই তথ্য।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার হোসেন এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁদের লিখিত আবেদনের প্রেক্ষিতে দলের স্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ ২৩ অক্টোবর ২০২৬ তারিখে তাঁদের বিরুদ্ধে প্রদান করা বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক পুনরায় আগের পদে বহাল করা হয়েছে।
বিজ্ঞাপন
একই বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান ফারুকের ওপর অর্পিত অব্যাহতির আদেশও বাতিল করে তাঁকে পদে বহাল করা হয়।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন। কেন্দ্রীয় যুবদলের দফতর দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য গণমাধ্যমে জানানো হয়।
এদিকে মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় যুবদল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং স্বস্তি লক্ষ্য করা গেছে। ছবি সংগৃহীত।
