যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক ও চেম্বার কোষাধ্যক্ষ খোকনের ইন্তেকাল

যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক ও চেম্বার কোষাধ্যক্ষ খোকনের ইন্তেকাল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বিশিষ্ট ব্যবসায়ী, শহরভিত্তিক অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ সৈয়দ শাহজাহান আলী খোকন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এক নিমন্ত্রণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বেলা পৌনে তিনটার দিকে তিনি হঠাৎ তীব্র হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাঁর সাথে থাকা যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল তিনটায় (৩:১১ মিনিট) তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা সন্তান ডা. সৈয়দ কাশফা জামানসহ আত্মীয়-স্বজন ও অগণিত শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি চৌগাছা উপজেলার পাঁচনামনা গ্রামের সন্তান এবং যশোর শিক্ষা বোর্ডের সাবেক কর্মকর্তা মরহুম আমির হোসেনের জামাতা ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাঁর অকাল প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে যশোরজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত হাসপাতালে ছুটে যান। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হাসপাতালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসেকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ মো. সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. তানভীরুল ইসলাম সোহান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রবিউল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

হাসপাতাল থেকে মরদেহ শহরের হরিনাথ দত্ত লেনস্থ মরহুমের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হলে সেখানে সর্বস্তরের মানুষ ভিড় জমান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সমাজ এক নজর দেখার জন্য তাঁর বাসভবনে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

শনিবার দুপুর দুইটায় ঐতিহ্যবাহী যশোর টাউন হল ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মরহুম সৈয়দ শাহজাহান আলী খোকন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও নিবেদিত ছিলেন। তিনি এমএম আলী রোডস্থ বায়তুস সালাম জামে মসজিদের কার্যকরী কমিটির সদস্য, কারবালা ওয়াকফ এস্টেটের সদস্য, নাট্য সংগঠন ব্যঞ্জন থিয়েটারের উপদেষ্টা এবং বৈদ্যুতিক দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

এদিকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শনিবার যশোর শহরের সব বৈদ্যুতিক দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বৈদ্যুতিক দোকান মালিক সমিতি। শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন মোড়ে মাইকিং করে ব্যবসায়ীদের প্রতি দোকান বন্ধ রাখার নির্দেশ ও আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে চাঁদা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপি নেতা সংবাদ সম্মেলন

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৬৮ ডেঙ্গু আক্রান্ত,সর্বোচ্চ আক্রান্ত মনিরামপুরে

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব ও প্রেসক্লাবের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ৯৬ ব্যাচের ঐক্যবদ্ধ পথচলা

বাঘারপাড়ায় স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন স্ত্রী স্বর্ণালী : বাবার বাড়িতে এসেও রক্ষা পাননি

মনিরামপুরের চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

রামনগর ইউনিয়নের কাজিপুর গ্রামে মশা নিধন কর্মসূচি

উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির রাজপথে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

যশোর-খুলনা মহাসড়কের বকচর ডিভাইডারে সিটি বয়েজ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে রূপদিয়ায় জামায়াতের বিশেষ প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *