স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর কোতোয়ালি মডেল থানার অধীনস্থ তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকা থেকে হুমায়ন কবির রাজা নামের এক চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) গোপনে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের আভিযানিক দল শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত রাজা ওই এলাকার আক্কাস আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, আটককৃত রাজার বিরুদ্ধে পথচারী ও সাধারণ মানুষের ওপর হামলা, একাধিক পেশাদার ছিনতাইসহ নানা ধরনের গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট লিখিত ও মৌখিক অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে শেখহাটি ও আশেপাশের এলাকায় আত্মগোপনে থেকে অপরাধের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।
বিজ্ঞাপন
অবশেষে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কৌশলে তাঁর অবস্থান চিহ্নিত করে এবং চারদিক থেকে ঘেরাও করে তাঁকে হাতেনাতে গ্রেফতার করে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চিহ্নিত এই অপরাধী গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ছবি সংগৃহীত।

