জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
আড়ম্বর নয়, সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের কাছাকাছি থাকার মধ্যেই যেন নিজের আনন্দ খুঁজে পান তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও সেই সাধারণ জীবনযাপনের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে সতীর্থদের সঙ্গে সাধারণ একটি ভ্যানে চড়ে একের পর এক পূজামণ্ডপ ঘুরে দেখেছেন তিনি। তাঁর এমন অনাড়ম্বর উপস্থিতি নজর কেড়েছে স্থানীয়দের।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর দিনে মাগুরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁকে সতীর্থদের সঙ্গে ভ্যানে চড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। মন্ত্রী হয়েও বিলাসবহুল গাড়ির পরিবর্তে সাধারণ একটি ভ্যান বেছে নেওয়ার এই দৃশ্য তাঁর ব্যক্তিত্বের সরলতা ও সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকার মানসিকতাকে নতুন করে সামনে এনেছে।
রাজনীতি কিংবা রাষ্ট্রীয় দায়িত্বের বাইরেও একজন মানুষের প্রকৃত পরিচয় ফুটে ওঠে তাঁর আচরণ, বিনয় ও মানুষের প্রতি ভালোবাসায়। নিতাই রায় চৌধুরীর এই অনাড়ম্বর চলাফেরা সেই মানবিক দিকটিরই প্রতিচ্ছবি বলে মনে করছেন অনেকে। সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া, উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া এবং জনজীবনের কাছাকাছি থাকার এমন দৃশ্য তাঁকে ভিন্নভাবে উপস্থাপন করেছে।
বিজ্ঞাপন
দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসারও উৎসব। বিজয়া দশমীর দিনে পূজামণ্ডপে মন্ত্রীর এমন উপস্থিতি সেই উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে।
ক্ষমতার চেয়েও মানবিকতা বড়—এমন বার্তাই যেন বহন করছে ভ্যানে চড়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর পূজামণ্ডপ পরিদর্শনের এই দৃশ্য। একজন ভালো মনের মানুষ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে তাঁর এই সহজ ও আন্তরিক মেলামেশা নিঃসন্দেহে প্রশংসনীয়।
ছবি প্রতিবেদক।

