জাকির হোসাইন তুষার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ। আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার ও দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ শৈশব, শিক্ষা, অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজ থেকে বাল্যবিবাহ চিরতরে দূর করতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ড. এম. এ. এম. রইচ উদ্দীন, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ, মহম্মদপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আখতারুজ্জামান বিল্লাহ এবং ফিয়া নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী বিথী রানী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি প্রতিবেদক।
