স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলায় ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ দৈনিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯৬ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন রোগী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে অভয়নগর উপজেলায়, যেখানে নতুন ১০ জন ভর্তি হয়েছেন। এছাড়া বাঘারপাড়ায় ৯ জন, মণিরামপুরে ৬ জন, শার্শায় ৮ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২ জন রয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মোট ১৬৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ৩৮ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যান্য জেলায় রেফার্ড করা হয়েছে।
অন্যদিকে, সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত হাম রোগীর দৈনিক প্রতিবেদন (১২ অক্টোবর ২০২৬) অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬ জন সন্দেহজনক হাম রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ১৫ মার্চ ২০২৬ থেকে আদ্যবধি জেলায় সর্বমোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫১ জন, যার মধ্যে ৯৮৯ জন নতুন হাম রোগী ভর্তি হয়েছেন এবং ৯১৮ জন ছাড়পত্র লাভ করেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগীর সংখ্যা ২৯ জন এবং এ পর্যন্ত মোট সংগৃহীত নমুনা ১০১টি। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু ও হাম রোধে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার এবং মশারি ব্যবহারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। ফাইল ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
