মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শৈলকুপা উপজেলার বড়মৌকুড়ি গ্রামে শালিসি বৈঠক চলাকালীন কথাকাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী সন্দেহে শাওন হোসেন নামের স্থানীয় এক যুবককে পুলিশ আটক করেছিল। তবে পরবর্তী সময়ে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসায় পুলিশ তাকে ছেড়ে দেয়। শাওনের বিরুদ্ধে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ করেছিল গ্রামেরই আরেক যুবক শামীম হোসেন। এই ঘটনাকে কেন্দ্র করেই গত বুধবার রাতে গ্রামে একটি শালিসি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শালিসি বৈঠক চলাকালে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান। ছবি সংগৃহীত।
