স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের পৃথক দুটি স্থানে আভিযানিক কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন ধরনের দেশীয় মারাত্মক অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাতে এবং আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ভোররাতে পৃথক দুটি আভিযানিক দল গঠন করে শহরতলীর চাঁচড়া ও বারান্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চাঁচড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মালেক ওরফে আকাশ এবং স্বাধীন নামে দুই যুবককে আটক করে পুলিশ। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের তল্লাশি করে ১টি ধারালো বার্মিজ চাকু, ১টি এন্টিকাটার এবং ১টি সেলাই রেঞ্চ উদ্ধার ও জব্দ করা হয়।
বিজ্ঞাপন
অপরদিকে, মঙ্গলবার ভোররাতে শহরের বারান্দীপাড়া এলাকার বৌবাজার বিহারী কলোনি সংলগ্ন স্থানে পরিচালিত অপর এক অভিযানে ওসমান গনি নামে অপর এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তাঁর কাছ থেকে ১টি স্টিলের তৈরি দেশীয় চাকু উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, দেশীয় অস্ত্র বহন ও অপরাধমূলক তৎপরতার অভিযোগে ধৃত আসামীদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতের সমনে সোপর্দ করা হলে বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ফাইল ছবি সংগৃহীত।
