ভবদহে মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর জোর দাবি সংগ্রাম কমিটির

ভবদহে মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর জোর দাবি সংগ্রাম কমিটির

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা ও মানবিক বিপর্যয় থেকে মুক্তি পেতে আগামী মাঘী পূর্ণিমার পূর্বেই কার্যকর টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) চালু এবং আমডাঙ্গা খালের সম্প্রসারণ কাজ সম্পন্ন করার জোরালো দাবি জানিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) যশোর শহরের নীলরতন ধর রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের অন্যতম শীর্ষ নেতা শেখর বিশ্বাস এবং এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আবদুল হামিদ।

লিখিত বক্তব্যে জানানো হয়, বিগত জুলাই মাসের অতিরিক্ত বর্ষণে ভবদহ অববাহিকার অভয়নগর, মণিরামপুর, কেশবপুরের একাংশসহ পার্শ্ববর্তী খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অন্তত দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়। বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি, সড়ক এবং ধর্মীয় উপাসনালয় পানিতে তলিয়ে থাকায় বিগত তিন মাস ধরে লক্ষাধিক সাধারণ মানুষ চরম দুর্ভোগে পানিবন্দি দিন কাটাচ্ছেন। বর্তমানে পানি কিছুটা হ্রাস পেলেও নতুন করে বর্ষণের আশঙ্কায় পুরো অঞ্চলে চরম আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগ্রাম কমিটির নেতারা বলেন, দীর্ঘ আন্দোলনের পর সরকার টিআরএম চালু, আমডাঙ্গা খাল খনন ও নদী পুনরুদ্ধারের নীতিগত সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১৪০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৮১ কিলোমিটার নদী সংস্কারের কাজ চলমান রয়েছে। তবে নদী খননের পাশাপাশি টিআরএম চূড়ান্ত করা না হলে পলি পড়ে নদীগুলো পুনরায় ভরাট হয়ে যাবে। এজন্য আইডব্লিউএম (IWM) প্রস্তাবিত যেকোনো একটি বিলে মাঘী পূর্ণিমার আগেই টিআরএম চালুর তাগিদ দেন তারা।

সংবাদ সম্মেলন থেকে পানি নিষ্কাশনের গতি বাড়াতে আমডাঙ্গা খালের বিস্তৃত পুনঃখাঁন ও ভূমি অধিগ্রহণ দ্রুত শেষ করা, নদ-নদীতে থাকা অবৈধ কচুরিপানা, নেট-পাটা ও কৃত্রিম বাঁধ অপসারণের দাবি জানানো হয়। এছাড়া টেকা বেইলি ব্রিজ ও মূল টেকা ব্রিজের নিচের অবকাঠামোগত প্রতিবন্ধকতা অপসারণ, ভবদহের ২১ ও ৯ ভেন্টের রেগুলেটর সচল রাখা এবং ২০১৬ সালের ৫ অক্টোবরের সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বলা হয়, আগামী ৫ অক্টোবর ঐতিহ্যবাহী ‘ভবদহ দিবস’ উপলক্ষে বিকেল ৩টায় অভয়নগর উপজেলা পরিষদ চত্বর থেকে আমডাঙ্গা খাল অভিমুখে গণ-পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, রাজু আহম্মেদ, বাসন্তী মণ্ডল, সনঞ্জয় বৈরাগী, ভগিরত হালদারসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *