স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মনিরামপুরে মাদক সেবনের দায়ে মো. আল আমিন (২৫) নামের এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে মনিরামপুর উপজেলার ভরতপুর এলাকায় মাদক সেবনরত অবস্থায় থানা-পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। দণ্ডপ্রাপ্ত আল আমিন ভরতপুর গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভরতপুর এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনা করে মনিরামপুর থানা-পুলিশ। এ সময় প্রকাশ্যে মাদক সেবনকালে আল আমিনকে আটক করা হয়। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ স্বীকার ও সত্যতা প্রমাণিত হওয়ায় আল আমিনকে দোষী সাব্যস্ত করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানা-পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালতের সাজার রায়ের পর প্রয়োজনীয় আইনি কাগজপত্র প্রস্তুত করে সাজাপ্রাপ্ত আসামি আল আমিনকে কঠোর পুলিশ পাহারায় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
