স্বরূপকাঠি থেকে কৃষি ব্যাংক কর্মকর্তা ও খুবির সাবেক ছাত্র রিফাত গ্রেফতার

স্বরূপকাঠি থেকে কৃষি ব্যাংক কর্মকর্তা ও খুবির সাবেক ছাত্র রিফাত গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ঐতিহ্যবাহী খানজাহান আলী হল সংলগ্ন মেসে আজমুল হোসেন নামের এক শিক্ষার্থীকে নৃশংসভাবে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তা হাসনাত হাবিব রিফাতকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গত সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানা এলাকার এক পরিচিতের বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা রিফাতকে গ্রেফতার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং আজমুলদের সাথেই একই মেসে সাময়িকভাবে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে তুচ্ছ চুরির অপবাদ এনে আজমুলকে নির্দয়ভাবে মারধর করা হয়। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান আজমুল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কি আত্মরক্ষার্থে ছাদ থেকে লাফ দিয়েছিলেন নাকি তাকে নির্মমভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল—তা খতিয়ে দেখছে পুলিশ।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, “আজমুলকে মধ্যযুগীয় কায়দায় মারধরের সময় সরাসরি উপস্থিত ছিলেন রিফাত। ঘটনার পরই তিনি খুলনা ছেড়ে পালিয়ে যান। রিফাতকে পুলিশি হেফাজতে এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে এ হত্যা কাণ্ডের মূল রহস্য ও অন্যান্যদের ভূমিকা উন্মোচিত হবে।”

উল্লেখ্য, শিক্ষার্থী আজমুলের আকস্মিক ও নৃশংস মৃত্যুর ঘটনায় তাঁর পিতা কুতুব উদ্দীন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে অভিযুক্ত করে খুলনা নগরীর হরিণটানা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।  ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *