স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঐতিহ্যবাহী কেশবপুর প্রেসক্লাব ভবন জবরদখলের নজিরবিহীন ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ। অবিলম্বে দখলকৃত প্রেসক্লাব উদ্ধার করা না হলে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে কঠোর রাজপথের আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কেশবপুর পৌর শহরের একটি অস্থায়ী মিলনায়তনে আয়োজিত নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের এক যৌথ জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান এবং নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ ও অলিয়ার রহমান।
বিজ্ঞাপন
জরুরি এই যৌথ প্রতিবাদ সভায় ক্লাবের প্রবীণ ও সাধারণ সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য কবি মুহাম্মদ শফি, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস, সদস্য তন্ময় মিত্র বাপি, শাহিনুর রহমান, শেখ শাহীন, আব্দুর রহমান, রুহুল খান, তাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, এম আব্দুল করিম, কামরুজ্জামান রাজু, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন ও জাকির হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ঐতিহ্যবাহী স্বাধীন প্রতিষ্ঠান ‘কেশবপুর প্রেসক্লাব’ গায়ের জোরে দখল করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের সামিল।
সভা থেকে সর্বসম্মতিক্রমে আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলা হয়— আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রেসক্লাব ভবন প্রকৃত সাংবাদিকদের হাতে ফিরিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে যশোরের সকল সাংবাদিকদের সাথে নিয়ে রাজপথে হরতাল, অবরোধ ও মানববন্ধনের মতো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। ছবি সংগৃহীত।
