স্ফুলিঙ্গ রিপোর্ট :
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি ফোর্সেসের সুনির্দিষ্ট আভিযানিক কৌশলে যশোরে ফের ধরা পড়েছে মাদকের এক বিশাল চালান। যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের যৌথ অভিযানে ২২৫৭ বোতল সীমান্ত অতিক্রম করে আসা অবৈধ স্কাফ ও উইনকেরিক্স সিরাপসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে যশোর কোতোয়ালী মডেল থানাধীন চুড়ামনকাটি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এসআরবি-৬ (সিপিসি-৩) যশোর এবং সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন— বরিশাল জেলার কোতোয়ালী থানার চন্দপাশা গ্রামের আব্দুল কাসেমের ছেলে মোঃ হেমায়েত উদ্দিন (৪৮) এবং একই জেলার মির্জাগঞ্জ থানার তারাবুনিয়া গ্রামের মোঃ দুলালের ছেলে মোঃ সুজন (২৪)।
বিজ্ঞাপন
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চতুর মাদক কারবারিদের গতিবিধি পর্যবেক্ষণ করে যৌথ দলটি চুড়ামনকাটি এলাকায় ব্যারিকেড গড়ে তোলে। পরে আসামিদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২২৫৬ বোতল ‘স্কাফ’ সিরাপ এবং ১ বোতল ‘উইনকেরিক্স’ সিরাপসহ মোট ২২৫৭ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া এসআরবি-৬, সিপিসি-৩ (যশোর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্সের বিচক্ষণ ও চৌকস কমান্ডিং কৌশলের কারণেই এত বড় একটি মাদকের গোপন চালান ধরে ফেলা সম্ভব হয়েছে বলে জানা গেছে। কোনো রকম বিঘ্ন ছাড়াই অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত পরিকল্পনায় মেজরের এই তড়িৎ অভিযান পরিচালনা করায় সুশীল সমাজে প্রশংসিত হচ্ছে তাঁর নেতৃত্ব।
অভিযান শেষে মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স জানান, মাদকের মূল শিকড় উপড়ে ফেলার পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি, সাজাপ্রাপ্ত অপরাধী ও চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবির এই আপসহীন শক্ত অবস্থান ও বিশেষ অভিযান সার্বক্ষণিক অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়কে উদ্ধারকৃত আলামতসহ যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ছবি সংগৃহীত।
