স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহর ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোঃ হৃদয় হোসেন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিটে যশোর কোতোয়ালী মডেল থানাধীন ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহিরমল্লিক এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ হৃদয় হোসেন যশোর শহরের কোতোয়ালী মডেল থানার বারান্দিপাড়া মোল্লাপাড়া এলাকার মরহুম আছাদুল ইসলাম ও শুকরানি বেগমের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চৌকস টিম বাহিরমল্লিক গ্রামের এনামুল হকের বসতবাড়ির উঠানে অভিযান চালায়। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হৃদয়কে ঘেরাও করে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৬০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক সরবরাহে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার ও আলামত হিসেবে জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, মাদক কারবারি হৃদয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদকের মূল চেইন ভাঙতে জেলাজুড়ে ডিবির এ ধরনের মাদকবিরোধী ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

