ইয়াবা ও জাল টাকাসহ ডিবি’র জালে ২ অপরাধী

ইয়াবা ও জাল টাকাসহ ডিবি’র জালে ২ অপরাধী

স্ফুলিঙ্গ ডেক্স :

খুলনা মহানগরীতে পৃথক দুটি সুনির্দিষ্ট অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ, পালসার মোটরসাইকেল এবং ৮৮ হাজার টাকার কথিত জাল নোটসহ দুই অপরাধীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে এবং বিকেলে মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি ডিবির একটি বিশেষ টিম খুলনা সদর থানাধীন টুটপাড়া তালতলা হাসপাতাল রোড এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মোঃ মানিক শেখ (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪,৮০০ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি কালো-লাল রঙের পুরাতন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করা হয়। গ্রেফতারকৃত মানিক শেখ খুলনা সদর থানার রূপসা নতুন বাজার ওয়াপদা এলাকার মোঃ আলী শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত সোনাডাঙ্গা থানাধীন মজিদ সরণিতে অবস্থিত ‘হোটেল এশিয়া ইন্টারন্যাশনাল আবাসিক’-এর ৪র্থ তলার ৩২৬ নম্বর কক্ষে ডিবি পুলিশের অপর একটি টিম অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১,০০০ টাকা মূল্যমানের ৮৮টি কথিত জাল নোট (সর্বমোট ৮৮,০০০ টাকা) উদ্ধারসহ মোঃ ছগির শাহিন (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটক ছগির শাহিন বরগুনা জেলার পাথরঘাটা থানার লাকুরতলা গ্রামের আঃ ছালামের ছেলে।

কেএমপি ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ছগির শাহিনের বিরুদ্ধে বরগুনাসহ বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর একাধিক ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত রয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *