স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে শ্রী শ্রী দশ মহাবিদ্যা ইসকন মন্দিরের সভাপতির অকথ্য গালিগালাজ ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শিপ্রা ঘোষ (১৬) নামে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে ফুঁসে উঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
নিহত শিপ্রা ঘোষ যশোর শহরের চাচড়া বাজার এলাকার মৃত নিরোধ ঘোষ ও মীনা রানী ঘোষের মেয়ে।
বিজ্ঞাপন
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে শিপ্রা নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অভিযোগ উঠেছে, শ্রী শ্রী দশ মহাবিদ্যা ইসকন মন্দিরের সভাপতি অপার গোবিন্দ অনুপম কিশোরী শিপ্রাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চরম অপমান করেন। সেই অপমান ও ক্ষোভ সহ্য করতে না পেরে অভিমানে শিপ্রা আত্মহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনার জের ধরে মন্দির কর্তৃপক্ষের সভাপতি ও জড়িত সদস্যদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এক বিশাল প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে নামেন স্থানীয় বাসিন্দারা। মিছিল থেকে শিপ্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং প্ররোচনাকারীদের কঠোর আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।
ঘটনার সত্যতা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, “এ সংক্রান্ত একটি অপমৃত্যুর মামলা নথিবদ্ধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”ছবি সংগৃহীত।
