স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগরে পানের বরজে সপ্তম শ্রেণির এক কিশোরী শিক্ষার্থীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আনিসুর (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
আটককৃত অভিযুক্ত আনিসুর অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী শিক্ষার্থী শুভরাড়া গ্রামের নাসির মোল্লার মেয়ে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পানের বরজের পাশ দিয়ে যাওয়ার সুযোগে ভুক্তভোগী কিশোরীকে কাবু করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আনিসুর। সেসময় ওই শিক্ষার্থীর করুণ আর্ত চিৎকার শুনতে পেয়ে পাশের পানের বরজে কর্মরত স্থানীয় বাসিন্দা নিত্যানন্দ সরকার দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। উপস্থিতি টের পেয়ে আনিসুর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিত্যানন্দ ও স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাকে আটক করেন এবং পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আনিসুরকে নিজেদের জিম্মায় নেয়। একই সাথে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে অভয়নগর থানায় ধর্ষণচেষ্টার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ মামলা দায়ের ও আইনি কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

