স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মো. আনিসুর রহমান গাজী ওরফে আনিস নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) প্রত্যুষে গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধোপাদীর মোড় এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্থানীয় সামসুর রহমান গাজী ওরফে ‘টুপি সামসুর’-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর ছেলে আনিসুর রহমান গাজীকে আটক করা হয়। পরে তাঁর শরীরে ও সংরক্ষিত স্থান থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃত আনিসুর রহমান গাজী নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন বলে দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিস এলাকায় ছড়িয়ে থাকা মাদকের বিভিন্ন রুট ও অনুসারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ প্রদান করেন। প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তীতে ডিএনসির দলটি নওয়াপাড়ার বিভিন্ন সম্ভাব্য আস্তানায় তল্লাশি অভিযান জোরদার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০ পিস ইয়াবাসহ আনিসুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার পূর্বক নিয়মিত মামলা দায়ের করে অভয়নগর থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকৃত মাদকসহ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ছবি সংগৃহীত।

